চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। ঘাটতির পরিমাণ প্রায় ৩১ শতাংশ।
এনবিআরের হিসাব অনুযায়ী, প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে ৯২ হাজার ৫১৭ কোটি টাকা।
রাজস্ব আদায়ের প্রধান তিন খাত মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর এবং আমদানি-রপ্তানি শুল্কের কোনোটিতেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে ভ্যাট আদায়ে। মোট রাজস্ব ঘাটতির প্রায় অর্ধেকই এ খাতে।
এদিকে রাজস্ব আদায়ে ঘাটতি থাকলেও গত তিন মাস ধরে এ-সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি এনবিআর।
বৃহস্পতিবার এনবিআরের এক সভায় সংস্থাটির চেয়ারম্যান আহসান হাবিব কর্মকর্তাদের রাজস্ব আদায় কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন। সভায় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনবিআর-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দেশের ব্যবসা-বাণিজ্যে শ্লথগতির কারণে ভ্যাট ও শুল্ক আদায় কম হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সংস্থাটির এক কর্মকর্তা জানান, আগে তিন মাস পরপর ভ্যাট রিটার্ন জমা দেওয়ার নিয়ম থাকায় প্রথম দিকে নিয়মিত ভ্যাট আদায় হয়নি। তবে এখন মাসিক রিটার্ন জমার বিধান চালু হওয়ায় ভ্যাট আদায় বাড়বে বলে আশা করা হচ্ছে।