বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদো শহরে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনর মেসির হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ব্যাগপাইপ ও ঢোলের বাদ্য বাজিয়ে তাকে স্বাগত জানানো হয়। আর্জেন্টিনার জার্সি পরা সমর্থকেরাও প্রিয় তারকাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাজকন্যা লিওনর মেসির ফুটবলশৈলী, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এবং দলীয় মানসিকতার প্রশংসা করেন। তিনি বলেন, মেসি অসাধারণ কৃতিত্বকে প্রতিদিনের ঘটনায় পরিণত করেছেন। ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় চেতনাকে প্রাধান্য দেওয়ার বিষয়টিও তার প্রশংসার অন্যতম কারণ।
গত জুনে মেসিকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। বিচারকমণ্ডলী তাকে সর্বকালের অন্যতম সফল ফুটবলার হিসেবে উল্লেখ করার পাশাপাশি শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ বাড়াতে তার সামাজিক উদ্যোগগুলোর প্রশংসা করে।
১৯৮১ সালে চালু হওয়া প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার শিল্প, বিজ্ঞান, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। পুরস্কারের সঙ্গে রয়েছে ৫০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকা।
এবার মেসির পাশাপাশি ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, মার্কিন নভোচারী ক্রিস্টিনা কোচ ও পাঙ্ক সংগীতশিল্পী প্যাটি স্মিথসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এ সম্মাননা পেয়েছেন। এর আগে ক্রীড়া বিভাগে এ পুরস্কার পেয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল এবং ম্যারাথন দৌড়বিদ এলিউদ কিপচোগে।