সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, নতুন কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিগত পাঁচ বছরের দায়িত্ব পালনকালে অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মো. মোসলেম উদ্দিন ও এস. এম. আমীর হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক সোহেল রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাবের কয়েকজন সদস্যের চরিত্রহননের উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে প্রশাসন ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ রয়েছে মোসলেম উদ্দিন ও আমীর হোসেনের বিরুদ্ধে। সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোসলেম উদ্দিন টানা পাঁচ বছর প্রেস ক্লাবের সভাপতি এবং আমীর হোসেন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। গত ২৬ সেপ্টেম্বর ক্লাবের সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধনসহ আগের বিভিন্ন সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদনের পর নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়। পরে মো. কবির হোসেনকে সভাপতি ও সোহেল রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।
অভিযোগ করা হয়, নতুন কমিটি গঠনের পর মোসলেম উদ্দিন ও আমীর হোসেন সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং ক্লাবের সদস্যদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থাকেন। এর ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর মোসলেম উদ্দিনকে সভাপতি ও এস. এম. আমীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের পাল্টা কমিটি ঘোষণা করা হয়। এ ঘটনাকে ক্লাবের সুনাম ক্ষুণ্ন করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
সভায় উপস্থিত সদস্যরা অভিযুক্তদের কর্মকাণ্ডের নিন্দা জানান এবং তাদের বহিষ্কারের পক্ষে মত দেন। পাশাপাশি অর্থ আত্মসাৎ ও অন্যান্য অনিয়মের অভিযোগের বিষয়ে পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. কবির হোসেন (দৈনিক সংবাদ)। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহেল রহমান (দৈনিক দেশ রূপান্তর)।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ইমাম হাছান (যুগান্তর), সহসভাপতি রিপন মাহমুদ আকাশ (নয়া দিগন্ত), ফারুক হোসেন (এশিয়ান টিভি), মো. মনিরুল ইসলাম (প্রাইম টিভি), যুগ্ম সম্পাদক এস. কে. মাসুদ রানা (বিজনেস বাংলাদেশ), মো. সাদ্দাম হোসেন মুন্না (চ্যানেল এস ও আগামীর সময়), লতিফ আহমেদ আকাশ (দৈনিক বাংলা), অর্থ সম্পাদক আলাউদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আহসান হাবিব সোহাগ (দৈনিক জনদর্পণ), তথ্য ও যোগাযোগ সম্পাদক তোফাজ্জল হোসেন মায়া (আলোকিত শীতলক্ষ্যা), সাহিত্য সম্পাদক নাজিম উদ্দিন নাদিম (দৈনিক জনবাণী), সহপ্রচার সম্পাদক সুমন মাহমুদ দিহান, মহিলা সম্পাদিকা ফাহিমা আক্তার রিয়া (স্বদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক এইচ. এম. আমজাদ হোসেন মোল্লা (সরেজমিন বার্তা) এবং কার্যনির্বাহী কমিটির সদস্য আতিক আজিজ (দৈনিক শ্যামবাজার), খালেদ বিন ফিরোজ (টুরিজন টিভি) ও লিটন চৌধুরী (রূপালী বাংলাদেশ)।