October 5, 2026, 10:30 pm

ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ‘ভয়ভীতি দেখিয়ে কণ্ঠ স্তব্ধ করা যাবে না’নাহিদ

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম দাবি করেন, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চম হামলার ঘটনা।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালান। এ সময় তাঁদের ব্যবহৃত গাড়িও ভাঙচুর করা হয়।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে?’

তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন।

স্থানীয় সূত্র ও বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, রোববার সন্ধ্যায় লালন শাহের আখড়াবাড়ি পরিদর্শনে গেলে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁর দিকে ডিম নিক্ষেপ এবং গাড়ি ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিরাপদে সরিয়ে নেয়।

ঘটনার পর হামলার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। হামলায় ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হলেও এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা