নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে মমির আলী নামে এক ব্যক্তির বাড়িতে অনশন শুরু করেছেন তিন সন্তানের জননী ও এক প্রবাসীর স্ত্রী শাহিদা (৪০)। এ ঘটনায় মমির আলী বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার কোকডহড়া ইউনিয়নের সাভার গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মমির আলী সাভার গ্রামের নুরু মিয়ার ছেলে। তিনি পেশায় মাছ বিক্রেতা। অন্যদিকে শাহিদা একই গ্রামের সৌদি প্রবাসী জুলহাসের স্ত্রী।
শাহিদার দাবি, প্রায় দেড় বছর ধরে মমির আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মমির আলী তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন বলেও অভিযোগ করেন তিনি। পরে বিষয়টি তার স্বামী জানতে পারলে তাকে তালাক দেন।
শাহিদা বলেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বিয়ের দাবিতে তিনি মমির আলীর বাড়িতে এসে অনশন শুরু করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি বাড়ি ছাড়বেন না।
এদিকে ঘটনার পর থেকে মমির আলী পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
কোকডহড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।