নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
মঙ্গলবার (৬ অক্টোবর) ও বুধবার (৭ অক্টোবর) অভিযান পরিচালনা করে বিপুলসংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।
তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সাখাওয়াত আহাম্মেদ সজিব (২৭) নামের একজনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও ২ জন মাদক কারবারি, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৬ জন, ডাকাতির প্রস্তুতির মামলায় ১ জন, নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ২ জন এবং পেনাল কোডের ২৯০ ধারায় (জনউপদ্রব) ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য মাহবুব হাসান ফাহিম (২৭) এবং কাঁচপুর ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ সোহেল (৩৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাশাপাশি অভিযানে ১৫ জন চিহ্নিত মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মো: তারেক আল মেহেদী জানান, মাদক, সন্ত্রাসবাদ এবং পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।