October 6, 2026, 4:24 pm

প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত, ১৫ অক্টোবর ভাইভা

বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে আগামী ১৫ অক্টোবর থেকে প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা (ভাইভা) গ্রহণে আর কোনো আইনি বাধা থাকছে না।

মঙ্গলবার (৬ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

তবে আদালত রিট আবেদনকারী ৪৬ জন শিক্ষকের জন্য ৪৬টি পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। ফলে এসব পদ বাদে অন্যান্য শূন্য পদে নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নিতে পারবে সরকার।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ মার্চ সংশোধনীর মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত নির্ধারণ করা হয়। পরবর্তী সময়ে ওই সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএ আপিল করে।

মঙ্গলবার ওই আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেন। এর ফলে ১৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের প্রধান শিক্ষক পদে আবেদন করার সুযোগ দিয়ে সরকার যে নতুন বিধি চালু করেছে, তা কার্যকর থাকবে।

ইতোমধ্যে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর থেকে অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ শূন্য রয়েছে। চলতি বছরের ২৯ জানুয়ারি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে প্রধান শিক্ষক পদে ১০ হাজার ২৭৮টি শূন্য পদ ছিল।

এ ছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে অধ্যক্ষ ও সুপার পদে প্রায় ১৫০টি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপারসহ বিভিন্ন পদে ৩ হাজার ১৩১টি শূন্য পদ ছিল। সব মিলিয়ে তখন শূন্য পদের সংখ্যা দাঁড়ায় প্রায় ১৩ হাজার ৫৫৯টি।

চেম্বার আদালতের আদেশের ফলে ৪৬ জন রিট আবেদনকারীর জন্য ৪৬টি পদ সংরক্ষণ রেখে বাকি শূন্য পদগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এতে আগামী ১৫ অক্টোবর থেকে সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার কার্যক্রম শুরু করার ক্ষেত্রে আইনি বাধা দূর হলো।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা