September 24, 2026, 7:42 am

নেতানিয়াহুর কানাডার আকাশসীমা ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখছে অটোয়া

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কানাডার আকাশসীমা ব্যবহার করে ভ্রমণ করবেন কি না, তা খতিয়ে দেখছে অটোয়া। বিষয়টি নিয়ে নিজের দপ্তরকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে সিটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। আনিতা আনন্দ বলেন, নেতানিয়াহুর সম্ভাব্য বিশেষ বিমান চলাচল সম্পর্কে তথ্য দিতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

তবে নেতানিয়াহুকে কানাডা যুদ্ধাপরাধী হিসেবে বিবেচনা করে কি না, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি কানাডার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে সম্মান করা এবং গাজা, ফিলিস্তিন ও পশ্চিম তীরসহ সংঘাত ও দুর্ভোগে থাকা মানুষের পাশে দাঁড়ানোই কানাডার অবস্থান।

এর আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছিলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণে নেতানিয়াহু কানাডায় প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে।

কানাডার নিয়ম অনুযায়ী, রাষ্ট্রীয় বিমানে ভ্রমণকারী কোনো বিদেশি অতিথিকে কানাডার আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে অন্তত তিন কর্মদিবস আগে অটোয়ার কাছে কূটনৈতিক অনুমতির আবেদন করতে হয়।

২০২৪ সালের নভেম্বরে গাজায় সংঘটিত কর্মকাণ্ডের অভিযোগে আইসিসি বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে বৃহস্পতিবার নিউইয়র্কে সফরের কথা রয়েছে নেতানিয়াহুর।

সূত্র: আনাদোলু এজেন্সি

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা