নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে গিয়ে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি এবং দীর্ঘস্থায়ী সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
একই দিন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহর সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা এবং প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আনার বিষয়ে আলোচনা হয়।
বারহাম সালিহ বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে আজ বুধবার একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।