September 23, 2026, 11:21 am

পদ্মা অয়েল ডিপোতে চাঁদা দাবির অভিযোগ, কৃষক দল নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীর কাছে এককালীন ২০ লাখ টাকা এবং মাসে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. তারেক আল মেহেদী।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গোদনাইল ডিপোর ‘জেট-এ-১’ পয়েন্টের কর্মী মো. রফিকুল ইসলামের কাছে হোয়াটসঅ্যাপে ফোন করে ২০ লাখ টাকা এককালীন এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন ফয়সাল। টাকা না দিলে তাকে ভয়ভীতি দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

এজাহারে আরও বলা হয়, গত ১ আগস্ট সকাল সোয়া ১১টার দিকে ফয়সাল ১০ থেকে ১২ জন সহযোগীকে সঙ্গে নিয়ে জোরপূর্বক ডিপোর ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি আবারও চাঁদার টাকা দাবি করেন। টাকা না দিলে চাকরিতে বাধা দেওয়ার পাশাপাশি মামলা করলে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

পদ্মা অয়েল পিএলসি সূত্র জানায়, একই দিন ডিপোর কর্মী রদবদলকে কেন্দ্র করে ১৫ থেকে ২০ জন সশস্ত্র সহযোগী নিয়ে ডিপোতে মহড়া এবং নবনিযুক্ত কর্মীদের ভয়ভীতি দেখানোর অভিযোগও ওঠে ফয়সালের বিরুদ্ধে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা