প্রতিনিধি:
নারায়ণগঞ্জ শহরের তীব্র যানজট নিরসনে শুধু পুলিশের পক্ষে কাজ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি এ জন্য সিটি করপোরেশন, জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, জেলা পরিষদ,রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়িক সংগঠন এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর চাষাঢ়া এলাকায় যানজট নিরসনে পুলিশের বিশেষ অভিযানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এসপি হাবিবুর রহমান বলেন,
নারায়ণগঞ্জ একটি শিল্পনগরী। এখানে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের জেলা ও দেশের বিভিন্ন প্রান্তের মানুষ বসবাস ও চলাচল করেন। ফলে শহরে মানুষ ও যানবাহনের চাপ অন্য যেকোনো জেলার চেয়ে বেশি। এ কারণে যানজট নিরসনে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, যানজট নিরসনে আমাদের সিটি করপোরেশন, জেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, জেলা প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও পুলিশ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহনের সংগঠনগুলোকেও এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে।
এসপি জানান, যানজট নিরসনে ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সভা হয়েছে। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেগুলো বাস্তবায়নে কাজ চলছে। দায়িত্ব নেওয়ার পর গত ছয় দিন ধরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অভিযান পরিচালনা করা হচ্ছে।
বৃহস্পতিবারের অভিযান প্রসঙ্গে তিনি বলেন, সপ্তাহের এই দিনে শহর থেকে বিভিন্ন গন্তব্যে মানুষের যাতায়াত বাড়ে। একই সঙ্গে বিভিন্ন এলাকা থেকে শহরে যানবাহন প্রবেশ করায় চাপও তুলনামূলক বেশি থাকে। এ কারণে যানজট পরিস্থিতি সরেজমিনে দেখতেই পুলিশ মাঠে নেমেছে।
তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ কর্মকর্তাদের শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যমান আইন ও নিয়ম মেনে যানজট পরিস্থিতি কতটা সহনীয় পর্যায়ে রাখা যায়, তা তারা পর্যবেক্ষণ করছেন।
পুলিশ সুপার আরো বলেন, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ কর্মকর্তারা আবার বৈঠকে বসবেন। এরপর সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করে যানজট নিরসনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইনসহ অন্যান্য কর্মকর্তারা।