September 8, 2026, 11:38 am

ভারতের সঙ্গে অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ-ভারত সম্পর্ক দৃঢ় ও টেকসই করার লক্ষ্যে দুই দেশের মধ্যে ঝুলে থাকা বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত নিষ্পত্তির ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই মন্তব্য করেন।

পানি বণ্টন প্রসঙ্গ

সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, উভয় পক্ষের স্বার্থ জড়িত এমন বিষয়গুলোর ন্যায্য ও গ্রহণযোগ্য সমাধান হলে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা আরও মজবুত হবে। এ প্রসঙ্গে তিনি অভিন্ন নদ-নদীর পানি ব্যবস্থাপনাকে দুই দেশের মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি জড়িত বিষয় হিসেবে উল্লেখ করেন এবং গঙ্গা ও তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ভারতকে অনুরোধ জানান।

জবাবে হাইকমিশনার ত্রিবেদী জানান, এ বিষয়ে ভারত সরকারের তরফ থেকে ইতিবাচক উদ্যোগ নেওয়া হচ্ছে।

পারস্পরিক শ্রদ্ধাশীল সম্পর্কের প্রত্যাশা

রাষ্ট্রপতি জানান, নিকট প্রতিবেশী তথা গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উন্নয়ন সহযোগী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ যথেষ্ট গুরুত্ব সহকারে দেখে। জাতীয় স্বার্থ, মর্যাদা ও সার্বভৌম সমতার ভিত্তিতে জনকল্যাণমুখী, ভবিষ্যৎমুখী ও পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ।

সাক্ষাতে হাইকমিশনার ত্রিবেদী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভকামনা জানান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত অত্যন্ত মূল্য দেয় এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। পারস্পরিক আস্থা, মর্যাদা ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করতে ভারত আগ্রহী বলেও জানান তিনি।

সহযোগিতার নতুন ক্ষেত্র

আলোচনায় রাষ্ট্রপতি বলেন, বাণিজ্য, পানি সম্পদ ব্যবস্থাপনা, প্রযুক্তি, যোগাযোগ ও সংস্কৃতির পাশাপাশি জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। তার মতে, দুই দেশের সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে অভিন্ন শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ভারত-বাংলাদেশ আরও কাছাকাছি এসে কাজ করতে পারে।

সবশেষে হাইকমিশনার দুই দেশের একযোগে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং নিজের দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা