September 7, 2026, 8:31 am

আলোচনা-সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

হানাহানি, সংঘাত ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যাতে আর হারিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এর আগে সকাল ১১টার দিকে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘হানাহানি ও সংঘর্ষ নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেন আর হারিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণের অংশ হিসেবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হবে বলে জানান তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে এ অঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ বাড়বে, শিক্ষার মান উন্নত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনটিকে ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের মানুষের জন্য আনন্দের দিন হিসেবেও উল্লেখ করেন তিনি।

এর মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

এর আগে রোববার দুপুরে দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়ার পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা