নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান, ৩ রাউন্ড গুলির খোসা ও সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১।
শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব সূত্রে জানা যায়, অভিযান পরিচালনার সময় ওই স্থান থেকে কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ভবনটি তল্লাশি চালিয়ে ৫টি পাইপগান, ৩ রাউন্ড গুলির খোসা এবং ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ জানায়, অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।