গোপালগঞ্জের কাশিয়ানীতে মাত্র ১০ টাকায় সিম কিনে বিপাকে পড়েছেন কয়েকজন নারী। অভিযোগ রয়েছে, একটি চক্র কম দামে সিম বিক্রি করে নারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধন করিয়ে নিয়ে বিকাশ প্রতারণায় ব্যবহার করছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীরা পুলিশের আইনি জটিলতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ঘটনাটি কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে ঘটেছে। সম্প্রতি একটি চক্র গ্রামে ঘুরে ঘুরে ‘মাত্র ১০ টাকায় যেকোনো কোম্পানির সিম’ বিক্রি করছিল। নারীরা সিম কিনতে আগ্রহী হয়ে নিজেদের এনআইডি কার্ড ব্যবহার করে সিম নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেন।
কিন্তু নিবন্ধনের পর সিম চালু করার কথা বলে বিক্রেতারা সিমগুলো নিয়ে যান। পরে তারা জানায়, নেটওয়ার্ক সমস্যার কারণে সিম চালু হচ্ছে না। এরপর আর সিমগুলো ফেরত দেওয়া হয়নি। সম্প্রতি ওই নম্বরগুলো ব্যবহার করে বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগ ওঠে।
এক ভুক্তভোগী নারীর নাম আসমা বেগম। তিনি জানান, সিম কেনার পর সেটি চালু না হওয়ায় বিক্রেতারা সেটি নিয়ে যান। পরে বরিশাল থেকে ফোন পেয়ে জানতে পারেন, তার নামে নিবন্ধিত সিম ব্যবহার করে প্রতারণা করা হয়েছে। এ ঘটনায় তিনি ১৫ আগস্ট কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেছেন।
এছাড়া একই গ্রামের আরও কয়েকজন নারীও একই ধরনের ঘটনার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।