November 14, 2026, 8:20 am

ধানমন্ডি-৩২ এ ‘জয় বাংলা’ স্লোগান-শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ১

ধানমন্ডি-৩২ এ ‘জয় বাংলা’ স্লোগান-শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ১

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া, মোবাইলে ভিডিও ধারণ ও শিঙাড়া বিলি করার অভিযোগে তিন জনকে মারধর করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে ধানমন্ডি থানা-পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে সড়কের প্রবেশমুখে এই মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যক্তিদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আ ন ম আয়াস নামের এক ব্যক্তির নেতৃত্বে একদল জনতা তাদের মারধর করেন। আয়াস ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ (এসডিএফ) নামে একটি সংগঠনের সদস্যসচিব হিসেবে পরিচিত।

জানা যায়, দুপুর পৌনে ১২টার দিকে এক রিকশাচালক তার মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন। আয়াস তার কাছে গিয়ে ফোন চেক করেন এবং ভিডিওটি যুবলীগের একজনকে পাঠিয়েছেন—এমন অভিযোগ করেন। এ সময় আয়াসের সঙ্গে থাকা কয়েকজন ওই রিকশাচালককে মারধর করেন। পরে পুলিশ এসে তাকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, আটক হওয়া অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে। তিনি নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আ ন ম আয়াস সাংবাদিকদের বলেন, তারা আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীদের অপতৎপরতা রোধে অবস্থান করছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন জানান, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা