August 8, 2026, 1:52 pm

ডুমুরিয়ায় আইন-শৃঙ্খলার চরম অবনতি: চুরি-ছিনতাই নিত্যদিনের ঘটনা

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
​খুলনার ডুমুরিয়ায় সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত চুরি ও ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম উদ্বেগ, ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
​এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার গভীর রাতে ডুমুরিয়া বারোআনি বাজার এলাকায় অবস্থিত ‘ফেন্সি জুয়েলার্স’ নামের একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র দোকানের শাটারের ক্লাম্প ভেঙে ভেতরে প্রবেশ করে ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা এবং গচ্ছিত গলানো স্বর্ণ ও রূপার অলংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
​ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেবপ্রসাদ সরকার (দেবু) জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি প্রতিদিনের মতো দোকান তালাবদ্ধ করে বাড়ি যান। পরদিন সকালে দোকান খুলতে এসে দেখেন শাটারের ক্লাম্প ভাঙা এবং ভেতরের মালামাল এলোমেলো হয়ে পড়ে আছে। তিনি আক্ষেপ করে বলেন, “চোরেরা নগদ টাকাসহ আমার গলানো স্বর্ণ ও অলংকার নিয়ে গেছে, যাতে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
​এলাকাবাসীর অভিযোগ, ডুমুরিয়া বাজারে ও আশপাশের এলাকায় হঠাৎ করেই চুরি এবং ছিনতাইয়ের ঘটনা জ্যামিতিক হারে বেড়ে গেছে। একের পর এক এমন ঘটনায় সাধারণ ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এবং রাতে পাহারা দিয়েও স্বস্তি পাচ্ছেন না।
​সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চুরির বিষয়ে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরি হওয়া মালামাল উদ্ধারসহ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি বাজার এলাকায় পুলিশি টহল আরও জোরদার করা হচ্ছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা