টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী একটি সেলোমেশিন চালিত নৌকা ডুবে সাধন রাজবংশী (৬৫) নামের এক বৃদ্ধ জেলে নিখোঁজ হওয়ার ২৬ ঘণ্টা পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ‘সুতানুড়ী’ এলাকায় ঝিনাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ সাধন রাজবংশী উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া বানকাটা গ্রামের ঝুগুরি রাজবংশীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি শুক্রবার সকালে মাছ বিক্রির উদ্দেশ্যে ফতেপুর বাজারের দিকে রওনা হন। পথিমধ্যে নৌকাটি ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে ফতেপুর বাজারের দিকে যাত্রা শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
নৌকাডুবির সাথে সাথে অন্যান্য যাত্রীরা সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও, সাধন রাজবংশী তীব্র স্রোতের মুখে পড়েন। একপর্যায়ে তিনি পানির তলদেশে তলিয়ে যান। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, নৌকাটি অল্প দূর যাওয়ার পরই হঠাৎ ডুবে যায়।
ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে হাত বাড়ান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারে অভিযান শুরু করে। তবে নদীতে অতিরিক্ত স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার মো. ইসমাইল হোসেন জানান, নদীর বর্তমান গতিপথ ও তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ২৬ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ বৃদ্ধের সন্ধান পাওয়া যায়নি।