রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমাদের ভেতরের বিভেদ দেখেই ফ্যাসিবাদীরা মুচকি হাসছে।”
অধ্যাপক ফরিদুল ইসলাম উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান কেন সংঘটিত হয়েছিল এবং কেন তা অনিবার্য হয়ে উঠেছিল, তা আমাদের বারবার স্মরণ করতে হবে। তিনি বলেন, “সেই অনিবার্যতার বিস্ফোরণ থেকে যে অর্জন এসেছে, তা কাজে লাগিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু তার পুনরুত্থানের সুযোগ যেন আমরা সৃষ্টি না করি। উপাচার্য বলেন, “আমাদের মধ্যে বিভেদ তৈরি হলেই ফ্যাসিবাদীরা মুচকি হাসে। তাই ঐক্যবদ্ধ থেকে জুলাইয়ের চেতনাকে ধারণ করতে হবে।”
অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, “জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ এবং আহতদের ত্যাগ যেন কখনও বৃথা না যায়।” তিনি জানান, আহত জুলাই যোদ্ধাদের বক্তব্যে যে প্রত্যাশা ও উৎকণ্ঠা ফুটে উঠেছে, তা আমাদের সবার উপলব্ধি করা উচিত।
তিনি বলেন, “ঐক্য, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা বাস্তবায়ন সম্ভব।”