স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, শিশুদের সুস্বাস্থ্যের জন্য মায়ের বুকের দুধের বিকল্প নেই। তিনি জানান, জন্মের পর প্রথম ৪-৫ মাস একটি শিশুর বৃদ্ধির মূল উৎস হলো মায়ের দুধ। প্রসবের পরপরই শিশুকে শালদুধ দেওয়া অত্যন্ত জরুরি, যা প্রোটিনের সর্বোচ্চ ভাণ্ডার।
শনিবার (১ আগস্ট) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে সিজারিয়ানের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে অনেক শিশু শালদুধ ও মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে।
মন্ত্রী জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের নিষ্ক্রিয়তার সমালোচনা করে বলেন, গ্রামের সাধারণ মানুষকে সচেতন করার জন্য কার্যকর সভা-সেমিনার করা হয়নি। তিনি এক বছরের কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রতি মাসে অন্তত একটি জেলায় গিয়ে মাতৃদুগ্ধপানের প্রয়োজনীয়তা বোঝাতে হবে।
শিশুখাদ্য ও বিকল্প দুধের ব্যবহার নিয়ে তিনি জানান, দেশে মাতৃদুগ্ধের বিকল্প খাদ্য নিয়ন্ত্রণের জন্য আইন রয়েছে। তিনি বলেন, বাজারে প্রচলিত গুঁড়ো দুধের চেয়ে ঘরে তৈরি সুষম খাবার বাচ্চার জন্য অনেক বেশি উপযোগী।
মন্ত্রী মায়েদের উদ্দেশে বলেন, আল্লাহর দেওয়া মাতৃদুগ্ধের নিয়ামত থেকে যেন মায়েরা তাদের সন্তানদের বঞ্চিত না করেন। তিনি পুষ্টিহীনতার কারণে শিশুদের দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, অনেক মা নিজের অপুষ্টির কারণে শিশুকে দুধ দেওয়া বন্ধ রাখেন, যা অনুচিত।