মোহাম্মদ আসাদ :
জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
গতকাল বুধবার (২৯জুলাই) বিকেলে উপজেলার চর গোবিন্দী বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় লোকজন জানান, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম তালুকদার রুনুর সমর্থকদের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরে গত মঙ্গলবার একটি ঘটনার পর গতকাল উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।