সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো জ্বালানি তেল সংকটের গুজবে কান দিয়ে সাতক্ষীরার পেট্রোল পাম্পগুলোতে যানবাহন চালকরা ভিড় জমিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে শহরের বিভিন্ন পাম্পে শত শত মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
এতে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। তবে জেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, জেলায় জ্বালানি তেলের কোনও সংকট নেই এবং সরবরাহ ও মজুত সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, তেল নেওয়ার জন্য চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিছু পাম্পের লাইন সড়ক পর্যন্ত ছাড়িয়ে কয়েকশ মিটার দীর্ঘ হয়ে যায়, যার ফলে আশপাশের সড়কে যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ে।
শহরের একটি পেট্রোল পাম্পের বিক্রয়কর্মী রফিকুল ইসলাম জানান, তাদের ডিপোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তিনি বলেন, ‘ফেসবুকে সংকটের গুজব ছড়ানোর পর হঠাৎ করে একই সময়ে শত শত গাড়ি ও বাইক একসঙ্গে চলে আসে।’
গুজব প্রতিরোধে ও জনমনে স্বস্তি ফেরাতে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সাতক্ষীরা জেলা তথ্য অফিসের উদ্যোগে শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করা হয়। জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, ‘জ্বালানি তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তাই জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার অনুরোধ করা হচ্ছে।’