গাজী সোহেল :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি, তিনটি রামদা ও একটি মাইক্রোবাসসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকার ২নং ওয়ার্ডে চিশতিয়া বেকারীর সামনে পাকা রাস্তায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সজীব আহমেদ (২৫)। তিনি মিজমিজি মাইজপাড়ার বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে সজীবকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তাঁর কাছ থেকে কাঠের বাঁটযুক্ত একটি রিভলবার (যাতে ASTRA SPAIN, ASTRA 680 ও 22LR লেখা রয়েছে), ছয় রাউন্ড গুলি, একটি পুরোনো মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-২০-৫২৫৭) এবং কাঠের বাঁটযুক্ত তিনটি ধারালো রামদা জব্দ করা হয়। রামদাগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ২৪ ইঞ্চি, ২৩ ইঞ্চি ও সাড়ে ১৯ ইঞ্চি।
পুলিশ জানায়, গ্রেপ্তার সজীব আহমেদের বিরুদ্ধে ইতিমধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় একটি বৈষম্যবিরোধী আন্দোলন–সংক্রান্ত মামলা রয়েছে। এবার তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রুজু করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। মাদকসহ যেকোনো অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তাঁরা।