July 11, 2026, 7:18 pm

পীরগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ, তদন্ত শুরু

পীরগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ, তদন্ত শুরু

পীরগঞ্জে তিনটি কবরের কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি জানাজানি হয়। স্থানীয়দের ধারণা, শুক্রবার দিবাগত রাতে উপজেলার ভেলাতৈড় যৈদ্দপীর গোরস্থান থেকে এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, ভেলাতৈড় ভদ্রপাড়া গ্রামের মাহফুজুর রহমান মুকুলের মৃত্যুর পর শনিবার দুপুরে তার দাফন সম্পন্ন হয়। স্বজনেরা বাড়ি ফেরার সময় এক ব্যক্তির কবরের পাশে মাটির উপর চুল ও দাঁত পড়ে থাকতে দেখেন। এরপর ওই কবরের পাশে আরেকটি কবর খোঁড়া দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

তল্লাশি চালিয়ে দেখা যায়, একে একে তিনটি কবর খোঁড়া রয়েছে, যা দুই থেকে আড়াই বছরের পুরাতন। স্বজনদের ধারণা, এসব কবরের কঙ্কাল চুরি হয়েছে। খবর পেয়ে পীরগঞ্জ থানার এসআই মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক জানান, তিনটি কবরের মাটি খোঁড়া দেখা গেছে। তবে কঙ্কাল চুরি হয়েছে কিনা তা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা