ইরানের বুশেহর প্রদেশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা মেহের নিউজ এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, বুশেহর প্রদেশেই ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে বুশেহর পারমাণবিক স্থাপনাটি একাধিকবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এ কারণে সম্ভাব্য পারমাণবিক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির কোনো ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, ইরানের উত্তর-পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ রেলসেতুতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তুর্কমেনিস্তান সীমান্তসংলগ্ন গোলেস্তান প্রদেশের আক কালা এলাকায় এ হামলা চালানো হয়।