July 6, 2026, 8:17 pm

গৌরীপুরে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু, তদন্ত শুরু

গৌরীপুরে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু, তদন্ত শুরু

ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তদের হামলায় আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে বয়ড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে আঘাত করা হয়।

নিহত মজনু মুন্সি উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের মৃত আব্বাস আলী আকন্দের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রপাড়া সড়কে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মেয়ে বৃষ্টি আক্তার জানান, তার বাবার ফোনে একটি কল আসে, যেখানে অপরিচিত ব্যক্তি বলেন, ‘তোর বাবাকে মারতে চাইনি, কয়েকটা ছুরিকাঘাত করেছি।’

নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ দাবি করেন, তার বাবা বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। একপর্যায়ে তিনি তাদের চিনে ফেলায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা