রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মো. নোমান (২৫) গ্রেপ্তার হয়েছেন। সোমবার রাত দেড়টার দিকে নগরের সপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বোয়ালিয়া থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নোমান বোয়ালিয়া থানা (পশ্চিম) রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি নগরের সপুরা এলাকায়।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৭ মে রাত সোয়া ৩টার দিকে বোয়ালিয়া থানার সাহেববাজার এলাকায় জামাল সুপার মার্কেটের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রচারণামূলক পোস্টার সাঁটানোর ঘটনায় রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা ও ষড়যন্ত্রের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে নোমানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়, যার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।