July 9, 2026, 5:05 pm

র‍্যাব-১১ এর অভিযানে মতলব উত্তর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

গাজী সোহেল :

চাঁদপুরের মতলব উত্তর থানা এলাকা থেকে দুইটি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৬ জুলাই রাত আনুমানিক পৌনে ২টায় র‍্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকার একটি ঝোঁপ থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।
র‍্যাব জানায়, ঘটনার দিন রাতে তাদের একটি টহল টিম মতলব উত্তর থানা এলাকায় ডিউটি করার সময় গোপন সূত্রে খবর পায়—বেলতলি নয়াকান্দি এলাকার একটি ঝোঁপের মধ্যে সন্দেহজনক একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে আছে। খবর পেয়ে টহল দলটি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে যথাযথ তল্লাশি প্রক্রিয়া অনুসরণ করে রাত ১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি জব্দ করে। ব্যাগের ভেতর থেকে দুইটি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি পাওয়া যায়, যা জব্দতালিকা তৈরি করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১১ জানিয়েছে, অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা