July 5, 2026, 10:06 am

কুমিল্লার বরুড়ায় খালে মৃত কুকুরের বস্তা নিয়ে আতঙ্ক সৃষ্টি

কুমিল্লার বরুড়ায় খালে মৃত কুকুরের বস্তা নিয়ে আতঙ্ক সৃষ্টি

কুমিল্লার বরুড়ায় খালে পড়ে থাকা একটি বস্তাকে কেন্দ্র করে লাশের গুজব ছড়িয়ে পড়ে। রোববার (৫ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার আদ্রা ইউনিয়নের হেরপেটি গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি খুলে একটি মৃত কুকুর উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, খালের পাশে পড়ে থাকা বস্তাটি দেখে কয়েকজনের সন্দেহ হয় যে, এর ভেতরে মানুষের মরদেহ থাকতে পারে। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।

বরুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ছিম্পু বলেন, "স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি বস্তা উদ্ধার করা হয়। পরে সেটি খুলে দেখা যায়, ভেতরে একটি মৃত কুকুর রয়েছে। মানুষের মরদেহ থাকার যে গুজব ছড়িয়েছিল, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন।"

ঘটনার পর এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে, তবে কিছু সময়ের জন্য স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করে। পুলিশ গুজবে কান না দিয়ে যেকোনো সন্দেহজনক বিষয় যাচাই-বাছাই করে তথ্য প্রচারের আহ্বান জানিয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা