July 4, 2026, 6:02 pm

ময়মনসিংহে বৃদ্ধ বাবা-মায়ের ওপর নির্যাতনের অভিযোগে যুবকের তিন মাসের কারাদণ্ড

ময়মনসিংহে বৃদ্ধ বাবা-মায়ের ওপর নির্যাতনের অভিযোগে যুবকের তিন মাসের কারাদণ্ড

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাদক সেবন করে বৃদ্ধ বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে আকরামুল ইসলাম (৩৪) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (৪ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

আকরামুল ইসলাম উপজেলার সাাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলামের ছেলে। আদালতের নথি অনুযায়ী, ২০২৬ সালের বিবিধ ৫১/২৬ নম্বর মামলায় মাদক সেবন করে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই দণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

অভিযোগকারী ৮০ বছর বয়সী মা লুৎপুন্নাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি উল্লেখ করেন যে, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে তাদের ওপর নির্যাতন চালাচ্ছেন। তিনি মারধর, ঘরবাড়ি ভাঙচুর, গালিগালাজ এবং মানসিক নির্যাতনের কথা উল্লেখ করেন।

ত্রিশাল থানার পুলিশ অভিযুক্ত আকরামুল ইসলামকে গ্রেপ্তার করে এবং পরে আদালতে হাজির করে। ওসি মনসুর আহাম্মদ জানান, অভিযোগ পাওয়ার পর তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারকে বিষয়টি জানান।

সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আকরামুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা