July 4, 2026, 11:07 am

আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন সাতটি গণবিবাহ অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

সামাজিক কুসংস্কার ও যৌতুক প্রথা নির্মূলে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে আলোকিত লালমনিরহাট-এর আয়োজনে যৌতুকবিহীন সাতটি গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে।

গত ৩ জুলাই রাত ৯টা ১০ মিনিটে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব (দুলু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পুলিশ সুপার এবং জেলা পরিষদের প্রশাসকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার। আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে বাল্যবিবাহ, যৌতুক প্রথা, মাদক, জুয়া ও ক্যাসিনোর মতো সামাজিক অপরাধের কোনো স্থান থাকবে না। সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে সাতটি নবদম্পতির বিবাহ সম্পন্ন করা হয়। আয়োজকরা জানান, সমাজে যৌতুকমুক্ত বিবাহকে উৎসাহিত করা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি ঘিরে নবদম্পতি, তাদের স্বজন ও উপস্থিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা