নীলফামারীর জলঢাকায় কর্মস্থলে যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে সুমি রানী রায় (৩৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক স্বপন রায় গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার কাঁঠালী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমি রানী রায় পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা এলাকার শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী এবং তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডের একটি কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুমি রানী রায় সহকর্মী স্বপন রায়ের মোটরসাইকেলে চড়ে কর্মস্থল উত্তরা ইপিজেডের দিকে যাচ্ছিলেন। পথে কাঁঠালী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি পড়ে যান তারা। মোটরসাইকেল চালক দ্রুত ব্রেক করলে রাস্তার বালুতে চাকা পিছলে যায়, ফলে সুমি রানী বাসের নিচে পড়ে যান।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা মোটরসাইকেল চালক স্বপন রায়কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।