July 3, 2026, 12:28 pm

তরুণদের উদ্ভাবনে মনোযোগ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

তরুণদের উদ্ভাবনে মনোযোগ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার (৩ জুলাই) ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী চুনিহাড়ী গ্রামে উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচপাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, "খালি আর্জেন্টিনা আর ব্রাজিলের লড়াই নিয়ে মেতে থাকলে লাভ হবে না। তাতে পেটে ভাত আসবে না। আসল কাজ হলো নিজেদের ও অন্য মানুষের আয় বাড়ানোর সুযোগ তৈরি করা।" তিনি তরুণদের উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে এবং ভালো ব্যবসার দিকে নজর দিতে উৎসাহিত করেন।

মন্ত্রী বলেন, "সলেমান আলীর উদ্ভাবন দেশের কৃষির টেকসই উন্নয়নে কাজে লাগবে।" তিনি জানান, এই সেচপাম্পের মাধ্যমে কৃষকদের সেচ খরচ কমিয়ে আনা সম্ভব হবে এবং পরিবেশবান্ধব আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা যাবে।

উদ্ভাবক মো. সলেমান আলী জানান, সৌরশক্তি ব্যবহার করে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষ্য তার। তিনি সরকারের সহযোগিতা পেলে এই প্রযুক্তি দেশের প্রত্যন্ত এলাকায় বিস্তৃত করার আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী সোলার সেচপাম্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং উদ্ভাবকের সঙ্গে মতবিনিময় করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা