July 1, 2026, 3:35 pm

এনসিপি নেতাদের বিরুদ্ধে হোটেল ভাড়া না দেওয়ার অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতা রাজধানীর ইয়ামেনী ইন্টারন্যাশনাল লিমিটেড হোটেলে প্রায় আট মাস ধরে ভাড়া না দিয়ে অবস্থান করার অভিযোগ উঠেছে। হোটেল কর্তৃপক্ষের দাবি, তারা সেখানে নানা অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং হোটেল ত্যাগ করার পর বকেয়া ভাড়া পরিশোধ করেননি। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তাদের কাছে প্রায় ১১ লাখ ৯৩ হাজার ২০০ টাকা হোটেল ভাড়া বকেয়া রয়েছে।

অভিযোগের মধ্যে উল্লেখ করা হয়েছে, এনসিপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ারসহ আরও চার নেতা হোটেলের ৭২৫ ও ৭২৭ নম্বর কক্ষ ব্যবহার করেন। হোটেল কর্তৃপক্ষের দাবি, তারা বুকিংয়ের সময় ১০ হাজার টাকা অগ্রিম পরিশোধ করলেও পরবর্তী সময়ে আর কোনো ভাড়া দেননি। হোটেলটির মহাব্যবস্থাপক খন্দকার রুহুল আমিনের স্বাক্ষরে লিখিত অভিযোগে বলা হয়েছে, বকেয়া টাকা চাইলে তাদের হুমকি দেওয়া হয়েছে।

হোটেল কর্তৃপক্ষের দাবি, এনসিপির নেতারা তাদের দলীয় পরিচয়ের কারণে হোটেলে থাকার সুযোগ পান এবং সেখানে নারীদের অবাধ যাতায়াত ছিল। অভিযোগপত্রে বলা হয়েছে, হোটেলে অবস্থানকালে অনৈতিক কর্মকাণ্ডের সিসিটিভি ফুটেজও সংরক্ষিত আছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, বকেয়া অর্থ আদায় না হলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এনসিপির যাত্রাবাড়ী থানার প্রধান সমন্বয়কারী মিরাসাত হোসেন হিমেল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি হোটেলে গিয়েছেন এমনটি মনে পড়ে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সংগঠনের শৃঙ্খলা কমিটি বিষয়টি তদন্ত করছে এবং রিপোর্ট জমা দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা