May 25, 2026, 6:41 pm

নারায়ণগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৭৬০ পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে র‍্যাব-১১।
রোববার (২৫ মে ) রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র‍্যাব।
আটককৃত ব্যক্তি হলেন,আব্দুল্লাহ হিল বাকি (২৩)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা থানার বৈশকালা এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবদুল কাশেম এবং মাতার নাম সাবিনা আক্তার।
র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তার কাছ থেকে ৭৬০ পিস ইয়াবা উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি নিয়মিত ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে কুমিল্লার বুড়িচং থানার শংকুচাইল এলাকায় অবস্থান করতেন এবং সেখান থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করতেন।
র‍্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে মাদক সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা