May 23, 2026, 6:35 pm

ভারত সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

মার্কো রুবিও আজ সকালে কলকাতায় পৌঁছেছেন। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম ভারত সফর। চার দিনের এই সফরে তিনি আজই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। মার্কো রুবিও রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিতব্য কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও অংশ নেবেন তিনি। সফরের অংশ হিসেবে তার আগ্রা ও জয়পুর সফরেরও সম্ভাবনা রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

ভারত সফর নিয়ে শুক্রবার রুবিও বলেন, ভারতের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করার সুযোগ রয়েছে। ভারত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ও অংশীদার। দুই দেশের মধ্যে বহু গুরুত্বপূর্ণ সহযোগিতা চলমান রয়েছে, তাই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ, জ্বালানি সরবরাহ পরিস্থিতি এবং ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনা নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উভয়েই দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বজায় রাখতে আগ্রহী। মার্কো রুবিওর এই সফরের মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলকাতা সফর করলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা