June 27, 2026, 8:29 am

রাশিয়া-ইউক্রেন তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে রাশিয়া ও ইউক্রেন তিন দিনের যুদ্ধবিরতি পালন করবে। এর আগে উভয় দেশই একে অপরের বিরুদ্ধে পৃথক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল। ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতির মধ্যে সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। পাশাপাশি উভয় দেশ এক হাজার করে বন্দি বিনিময় করবে। এর কিছুক্ষণের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের অংশগ্রহণ নিশ্চিত করেন। একই সঙ্গে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমও জানায়, রাশিয়া এই প্রস্তাবে সম্মত হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এর আগে দুই পক্ষই অভিযোগ করে যে প্রতিপক্ষ যুদ্ধবিরতি উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে। মস্কোর মেয়রও জানান, রাতের বেলায় শহরটিকে ড্রোন হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ট্রাম্প তার পোস্টে বলেন, তিনি ব্যক্তিগতভাবে তিন দিনের যুদ্ধবিরতির অনুরোধ করেছিলেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্মতিকে তিনি অত্যন্ত প্রশংসা করেন।

পুতিন ৮ ও ৯ মে ‘ভিক্টরি ডে’ উদযাপনের আগে যুদ্ধবিরতি ঘোষণা করেন। অন্যদিকে কিয়েভ ৬ মে থেকে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল। রাশিয়া ইউক্রেনকে সতর্ক করে দিয়েছে, যেন তারা রেড স্কয়ারে আয়োজিত ‘ভিক্টরি ডে’ প্যারেডে হামলার চেষ্টা না করে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়েছে, মস্কোতে হামলা হলে তারা কিয়েভের কেন্দ্রস্থলে প্রতিশোধমূলক ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। ৯ মে’র আগে বিদেশি কূটনীতিকদের ইউক্রেনের রাজধানী ছেড়ে যাওয়ারও সতর্কবার্তা দেয়া হয়েছে।

প্রায় দুই দশকের মধ্যে এই প্রথম ভিক্টরি ডে প্যারেডে কোনো সামরিক ভারী অস্ত্র বা সরঞ্জাম থাকবে না। ইউক্রেন অনুষ্ঠান ব্যাহত করতে পারে- এই আশঙ্কায় রুশ রাজধানীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে মস্কো ও সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের মোবাইল ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতার কথাও জানানো হয়েছে। একসময় এই উদযাপনে বিপুলসংখ্যক বিদেশি অতিথি মস্কো সফর করতেন। তবে এবার কেবল বেলারুশ, মালয়েশিয়া ও লাওসের নেতাসহ কয়েকজন বিদেশি অতিথি অংশ নেবেন।

শুক্রবার উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ইউক্রেন কুরস্ক ও বেলগোরোদ সীমান্ত অঞ্চলের বেসামরিক লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়েছে। মন্ত্রণালয় জানায়, রুশ বাহিনী এসব লঙ্ঘনের সম-মাপের জবাব দিয়েছে। এদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, যুদ্ধবিরতির প্রথম দুই ঘণ্টার মধ্যেই শহরের কাছে প্রায় ২০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের হামলার খবর পাওয়া গেছে পার্ম ও ইয়ারোস্লাভল অঞ্চলের শিল্প স্থাপনায়, পাশাপাশি রোস্তভ অঞ্চল ও চেচনিয়ার রাজধানী গ্রোজনির বিভিন্ন স্থাপনাতেও। ড্রোন হামলার কারণে দক্ষিণ রাশিয়ার ১৩টি বিমানবন্দরেও সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়।

অন্যদিকে জেলেনস্কি টেলিগ্রামে জানান, যুদ্ধবিরতির প্রথম কয়েক ঘণ্টাতেই ইউক্রেনীয় অবস্থানে ১৪০টির বেশি হামলা এবং ৮৫০টির বেশি ড্রোন আক্রমণ হয়েছে। তিনি বলেন, ইউক্রেনও একইভাবে জবাব দেবে। যুদ্ধবিরতি নিয়ে এই বাকযুদ্ধের মধ্যেই ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষে রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসান নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে এবং জেলেনস্কিও এতে সমর্থন দিয়েছেন। বৃহস্পতিবার ফিন্যান্সিয়াল টাইমস’কে দেয়া সাক্ষাৎকারে কস্তা বলেন, আমি ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের নেতাদের সঙ্গে কথা বলছি, কীভাবে নিজেদের সংগঠিত করা যায় এবং সঠিক সময়ে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য কী প্রয়োজন তা নির্ধারণ করতে। তিনি আরও বলেন, আমরা ভৌগোলিক বাস্তবতা বদলাতে পারি না। আমরা ইউরোপে আছি, রাশিয়ার প্রতিবেশী। তাই ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে অবশ্যই তাদের সঙ্গে কথা বলতে হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা