পটুয়াখালী শহরে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও তাকে মারধর করে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সদর থানাসংলগ্ন জেলা পুলিশের মালিকানাধীন একটি মার্কেটে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী খোকন মল্লিক (৪৪) বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, জেলা পুলিশ ক্লাব মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মুরগির ব্যবসা করে আসছেন। পহেলা বৈশাখ উদ্যাপনের কথা বলে স্থানীয় মৎস্যজীবী দলের কয়েকজন নেতা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার দুপুরে তার দোকানে হামলা চালানো হয়।
অভিযোগ অনুযায়ী, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গাজী (৪৫), সদর উপজেলার মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম (৩৮) এবং তাদের ১০-১২ জন সহযোগী দোকানে ঢুকে ভাঙচুর চালায় এবং এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে বাবুল গাজী চাপাতি দিয়ে খোকন মল্লিকের হাতে আঘাত করেন।
খোকন মল্লিক আরও অভিযোগ করেন, এর আগেও ২০২৪ সালের ৫ আগস্ট একই দাবিতে পৌর নিউমার্কেটে তার ওষুধের দোকানে হামলা চালানো হয়। এরপর থেকে বিভিন্ন সময় দলীয় কর্মসূচি ও ব্যক্তিগত প্রয়োজনে তার কাছ থেকে ৭-৮ লাখ টাকা চাঁদা আদায় করা হয়েছে। নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি এতদিন বিষয়টি প্রকাশ করেননি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বাবুল গাজী। তিনি দাবি করেন, খোকন মল্লিক বাজারে মৃত মুরগি বিক্রি করেন। এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে উল্টো তিনি তাদের ওপর হামলা করেন, যার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক: