April 19, 2026, 11:49 am

চাঁদা না পেয়ে দোকানে হামলা, ব্যবসায়ীকে কুপিয়ে জখম: অভিযোগ মৎস্যজীবী দলের বিরুদ্ধে

পটুয়াখালী শহরে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও তাকে মারধর করে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সদর থানাসংলগ্ন জেলা পুলিশের মালিকানাধীন একটি মার্কেটে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী খোকন মল্লিক (৪৪) বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, জেলা পুলিশ ক্লাব মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মুরগির ব্যবসা করে আসছেন। পহেলা বৈশাখ উদ্‌যাপনের কথা বলে স্থানীয় মৎস্যজীবী দলের কয়েকজন নেতা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার দুপুরে তার দোকানে হামলা চালানো হয়।
অভিযোগ অনুযায়ী, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গাজী (৪৫), সদর উপজেলার মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম (৩৮) এবং তাদের ১০-১২ জন সহযোগী দোকানে ঢুকে ভাঙচুর চালায় এবং এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে বাবুল গাজী চাপাতি দিয়ে খোকন মল্লিকের হাতে আঘাত করেন।
খোকন মল্লিক আরও অভিযোগ করেন, এর আগেও ২০২৪ সালের ৫ আগস্ট একই দাবিতে পৌর নিউমার্কেটে তার ওষুধের দোকানে হামলা চালানো হয়। এরপর থেকে বিভিন্ন সময় দলীয় কর্মসূচি ও ব্যক্তিগত প্রয়োজনে তার কাছ থেকে ৭-৮ লাখ টাকা চাঁদা আদায় করা হয়েছে। নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি এতদিন বিষয়টি প্রকাশ করেননি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বাবুল গাজী। তিনি দাবি করেন, খোকন মল্লিক বাজারে মৃত মুরগি বিক্রি করেন। এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে উল্টো তিনি তাদের ওপর হামলা করেন, যার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক:

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা