April 19, 2026, 3:04 pm

গাইবান্ধায় ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক আলোচনা সভা

গাইবান্ধা প্রতিনিধি :মুজিববর্ষে ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক এক আলোচনা সভা মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এবারের খাদ্য দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই উন্নয়ন-সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ’।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার, জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক, জেলা মার্কেটিং অফিসার, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুদ দাইয়ান, গাইবান্ধা প্রেসকাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, শিক্ষাবিদ জহুরুল কাইয়ুম, জেলা হোটেল মালিক সমিতির সভাপতি মো. তাবারক হোসেন, গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি জয়া প্রসাদ প্রমুখ।
আলোচনা সভায় জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যের উপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয় এবং নিরাপদ খাদ্য আইন, খাদ্য কর্তৃপক্ষের অভিলক্ষ্য, বাংলাদেশে নিরাপদ খাদ্য কেন প্রয়োজন, খাদ্য ব্যবসায়ীর পালনীয় প্রশাসনিক বিষয়াবলী, খাদ্য দ্রব্য মজুদ ও সংরক্ষণ এবং শাক-সবজি ও ফুল-মুলে ফরমালিন আতংক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া নিরাপদ খাদ্যের ৫টি ধাপ খাদ্য বাছাই করা, পরিস্কার করা, কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা, সঠিক তাপমাত্রায় রান্না করা ও সংরক্ষণ করা এবং পঁচা-বাসি খাবার সঠিক স্থানে ফেলা সম্পর্কে জনসচেতনতার বিষয়টিও নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা