মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি :
তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। তবুও কেন জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে ২৫ ডিসেম্বর ২০২৫ ইং লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, লালমনিরহাট জেলা প্রশাসন মোট ৯৬০০ পিস কম্বল পেয়েছে, যা সকল উপজেলায় ভাগ করে দেওয়া হয়েছে।তিনি বলেন, লালমনিরহাট সদরে ১৯০০ পিস, কালীগঞ্জে ২০০০ পিসসহ জনসংখ্যার আনুপাতিক হারে কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ২৫০০ পিস কম্বল পাওয়া গেছে। সেগুলোও ভাগ করে প্রত্যেকটি উপজেলায় ৫০০ পিস করে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, দ্বিতীয় পর্যায়ে এখন পর্যন্ত ৫০০০ পিস কম্বল পাওয়া গেছে। এর মধ্যে ২৬৫০টি কম্বল বিতরণ করা হয়েছে এবং বর্তমানে ২৩৫০টি কম্বল অবশিষ্ট রয়েছে। অবশিষ্ট কম্বলগুলোও উপজেলা নির্বাহী অফিসারদের কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে তারা তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে বিতরণ করতে পারেন।
তিনি বলেন, জেলা প্রশাসন কার্যালয় থেকে সরাসরি কম্বল বিতরণ করা হচ্ছে না। এতে একই ব্যক্তি একাধিকবার কম্বল পাওয়ার সম্ভাবনা থাকে। নদীপাড় এলাকার মানুষসহ প্রকৃত দরিদ্ররা যেন ঠিকভাবে কম্বল পায়, সেজন্য উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।
জেলা প্রশাসক আরও জানান, অবশিষ্ট ২৩৫০টি কম্বল আজ ও আগামীকালের মধ্যেই উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে বিতরণের অনুরোধ করা হয়েছে। কেউ শীতে ভুগবে অথচ গুদামে কম্বল পড়ে থাকবে—এটা হতে পারে না।
কম্বল আরও প্রয়োজন আছে কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অতিরিক্ত ৫০ হাজার পিস কম্বলের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।