November 19, 2026, 6:14 am

রাজশাহীতে বিআরটিসির দুই বাসে আগুন, রেললাইনে অগ্নিসংযোগ

রাজশাহী মহানগরীতে বিআরটিসির টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে জেলার চারঘাট উপজেলায় রেললাইনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দুটি বাস পুড়ে যাওয়ার পাশাপাশি প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল ওই রুটে ট্রেন চলাচল।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে মহানগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাস দুটি পুড়ে যায়।

ওসি আকবর আলী জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে, একই রাতে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বুধবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা রেললাইনে আগুন দিয়ে পালিয়ে যায়।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢাকা কমিউটার ট্রেনটি ঘটনাস্থলের কাছে আটকা পড়ে। পরে স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে।

খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। রেললাইনে কোনো ক্ষয়ক্ষতি বা কারিগরি ত্রুটি হয়েছে কি না, তা পরীক্ষা করতে স্থানীয় রেলওয়ে স্টেশন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহমদ হোসেন মাসুম জানান, চারঘাটের নন্দনগাছী স্টেশনের পূর্বদিকে বাগমারী এলাকায় রাত ১১টা ১৫ মিনিটের দিকে রেললাইনে আগুন দেওয়া হয়। রাত ১২টা ৫ মিনিটে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা