November 19, 2026, 6:14 am

সাবেক এমপি রহিম উল্লাহর গ্রামের বাড়িতে লুটপাটের পর আগুন, পুড়ল ৩ কক্ষ ও ৩ ট্রাক

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির মূল্যবান মালামাল লুট করে নেওয়ার পর তিনটি কক্ষ ও বাড়ির সামনে রাখা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বাড়িতে অবস্থান করা রহিম উল্লাহর ভগ্নীপতি রফিকুল ইসলাম জানান, রাত ২টার দিকে ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী ব্যক্তি বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে বাড়ির মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরে পেট্রোল ঢেলে তিনটি কক্ষে ও বাড়ির সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে রফিকুল ইসলাম ছাড়া পরিবারের অন্য কোনো সদস্য ছিলেন না।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, হাজী রহিম উল্লাহ আওয়ামী লীগের জেদ্দা শাখার সাবেক সভাপতি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। সম্প্রতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা