বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যসংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর)। ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনব্যাপী এ বৈঠক শেষ হবে আগামীকাল শুক্রবার।
বৈঠকে বাণিজ্যিক বিভিন্ন বাধা, পাটজাত পণ্যে ভারতের আরোপিত অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দর-সংক্রান্ত সমস্যা এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবে বাংলাদেশ।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের সরকারি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিতে মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে ভারত বাংলাদেশে রপ্তানি করেছে ১ হাজার ৯৬ কোটি ডলারের পণ্য।
চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। দেশের ব্যবসায়ীরা ভারত থেকে শিল্পের কাঁচামাল, কাপড়, সুতা ও তুলাসহ বিভিন্ন পণ্য আমদানি করেন।