September 22, 2026, 2:19 pm

গাজী নজরুলের এমপি পদ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়া এবং দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পুলিশের নেওয়া ব্যবস্থা এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপর তার সংসদ সদস্য পদের ভবিষ্যৎ নির্ভর করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

গত ২২ জুলাই ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে বিষয়টি স্পিকার ও নির্বাচন কমিশনকে জানায় দলটি। তবে সংবিধান অনুযায়ী, শুধু দল থেকে বহিষ্কার হলেই কোনো সংসদ সদস্যের পদ শূন্য হয় না।

এর মধ্যে গত রোববার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মরিয়মের বাবা বাদী হয়ে মামলা করেন। মামলায় গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামাকে আসামি করা হয়েছে।

মামলায় গ্রেপ্তার গাজী নজরুল বর্তমানে রিমান্ডে রয়েছেন। অন্যদিকে এক দিনের রিমান্ড শেষে তার প্রথম স্ত্রী মাকছুদাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গাজী নজরুলকে ইতোমধ্যে বিভিন্ন সংসদীয় কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে।

সংবিধানে যা বলা আছে

সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদণ্ড হলে কোনো ব্যক্তি সংসদ সদস্য থাকার অযোগ্য হন। আর ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, নিজে পদত্যাগ করলে বা দলের বিরুদ্ধে ভোট দিলে সংসদ সদস্যের আসন শূন্য হয়। তবে দল থেকে বহিষ্কার করা হলে স্বয়ংক্রিয়ভাবে এমপি পদ বাতিল হয় না।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশ কী ব্যবস্থা নেয় এবং আদালত বা নির্বাচন কমিশন এ বিষয়ে কী সিদ্ধান্ত দেয়, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা