September 21, 2026, 6:40 am

ইউএনজিএ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সফরকারী প্রতিনিধিদলে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও রয়েছেন।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ বিতর্কে উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এতে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহি প্রতিষ্ঠা, বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন এবং আধুনিক প্রযুক্তির ন্যায্য ব্যবহারসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

সফরসূচি সংক্ষিপ্ত হলেও প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রাখা হয়েছে। সফরকালে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, সুশাসন এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে পাঁচটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশ দুটি বিশেষ সাইড ইভেন্টের আয়োজন করবে।

এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ফলে এবারের অধিবেশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে দেশের ভূমিকা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা