September 18, 2026, 10:56 am

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২৬ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে ইসির বৈঠক

স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে ২৬টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠকে সভাপতিত্ব করবেন। এতে নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক সহায়তা, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য এ সভার আয়োজন করা হয়েছে।

এরই মধ্যে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের বৈঠকে অংশ নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার শূন্য আসনের নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।

যেসব মন্ত্রণালয়-সংস্থা অংশ নেবে

বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, বাংলাদেশ ডাক বিভাগ এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিনিধিদেরও সভায় থাকার কথা রয়েছে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। ইসির পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা