বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল বাংলাদেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এসব জ্বালানি গ্রহণ করা হয়েছে। এটি মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আসা ডিজেলের ৭২তম চালান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ চালানের ডিজেল সরবরাহ শুরু হয় গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায়। প্রায় দুই দিন পর ১৫ সেপ্টেম্বর সরবরাহ কার্যক্রম শেষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেল ডিপোর পরিচালন ব্যবস্থাপক মো. রবিউল আলম।
২০১৮ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরে মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে প্রায় ২০ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহের পরিকল্পনা রয়েছে। ২০২৩ সালের মার্চে পাইপলাইনটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। চালুর পর থেকে সর্বশেষ চালানসহ এ পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল এসেছে।
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বছরে সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন উচ্চগতির ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে।
চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে সংকট দেখা দিলে পাইপলাইনটি ব্যবহার করে ভারত থেকে ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করে বাংলাদেশ। এরপর এপ্রিল, মে ও জুলাই মাসে যথাক্রমে ২৫ হাজার, ৮ হাজার ও ৮ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করা হয়।
এর ধারাবাহিকতায় জ্বালানি সরবরাহ আরও বাড়াতে গত আগস্টে ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়েছিল বাংলাদেশ। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই সর্বশেষ এই চালান দেশে পৌঁছেছে।