September 16, 2026, 6:32 pm

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে তার নিজ অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

আগামী বছর ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্য

আগামী বছর থেকেই ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দর রুটে সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশির যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল খাতে সহযোগিতা বৃদ্ধি, উড়োজাহাজ ক্রয়, বিনিয়োগ ও পর্যটনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

তবে যুক্তরাষ্ট্রে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ‘ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট’ (আইএএসএ) ক্যাটাগরি-১ মর্যাদা অর্জন করা প্রয়োজন বলে জানিয়েছেন বিমানমন্ত্রী।

রশিদুজ্জামান মিল্লাত আরও জানান, মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ইতোমধ্যে ১৪টি উড়োজাহাজ কেনার জন্য ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে।

গত এপ্রিলে সই হওয়া ওই চুক্তির আওতায় আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ কেনার কথা রয়েছে। ২০৩১ সালের নভেম্বর থেকে উড়োজাহাজ সরবরাহ শুরু হয়ে ২০৩৫ সালের অক্টোবরের মধ্যে তা শেষ হওয়ার কথা রয়েছে।

এদিকে, বহর সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িং ও এয়ারবাসের কাছ থেকে আরও ২১টি উড়োজাহাজ কেনার চুক্তি করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা