September 15, 2026, 4:44 pm

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্থানীয় সরকার নির্বাচনের সূচি চূড়ান্ত নয়, সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য যে সূচি নির্বাচন কমিশন (ইসি) প্রকাশ করেছে, সেটি এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবদের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় মতামত পর্যালোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সবাইকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তারা নিজেদের সাংবিধানিক ও আইনগত এখতিয়ার অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে। তবে স্থানীয় সরকার নির্বাচন একটি বড় পরিসরের আয়োজন হওয়ায় মাঠপর্যায়ে বিভিন্ন সরকারি সংস্থা ও মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।

এর আগে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে ইসির পক্ষ থেকে বিভিন্ন তথ্য প্রকাশ এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে এ নিয়ে মন্তব্য আসার পর স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য সামনে এলো। ইসি সূত্রে এর আগে জানা গিয়েছিল, নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।

মেগা প্রকল্পে যানজট কমাতে সমন্বয়ের নির্দেশ

সংবাদ ব্রিফিংয়ের প্রধান বিষয় ছিল ঢাকা মহানগরীতে চলমান ও নির্ধারিত মেগা প্রকল্পগুলোর নির্মাণকাজের কারণে সৃষ্ট যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নগরবাসীকে সর্বোচ্চ স্বস্তি দেওয়া, জনদুর্ভোগ কমানো এবং জনস্বার্থে সময় ও অর্থের অপচয় বন্ধ করাই সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, বর্ষা মৌসুমে বিভিন্ন সড়কে একাধিক সংস্থার রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে নগরবাসীর দুর্ভোগ বেড়ে যায়। এ পরিস্থিতি এড়াতে আন্তঃসংস্থা সমন্বয়ের মাধ্যমে একই সময়ে ইউটিলিটি শিফটিংসহ প্রয়োজনীয় অন্যান্য নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন এবং তদারকির জন্য সংশ্লিষ্ট প্রতিটি সংস্থার নির্দিষ্ট ‘ফোকাল পয়েন্ট’ কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এমআরটি, সেতু কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা ও ডেসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা ও পারস্পরিক সমন্বয় নিশ্চিত করতে প্রতি ১৫ দিন পরপর উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা পর্যায়ের সাব-কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা